AC-এর ভাড়া, নন-এসি পরিষেবা! মাঝরাতে গন্তব্যের আগেই নামিয়ে ২৩১,৫০০ মাশুল গুনতে হলো বাস সংস্থাকে ||
Guddu Bhattacharjee
বিশাখাপত্তনম ২৭ সেপ্টেম্বর: AC বাসের ভাড়া দিয়েও নন-এসি বাসে যাত্রা করতে বাধ্য করা এবং নির্ধারিত গন্তব্যের প্রায় ৯–১০ কিলোমিটার আগে মাঝরাতে নামিয়ে দেওয়ার অভিযোগে এক যাত্রীকে মোট ₹৩১,৫০০ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে বিশাখাপত্তনম জেলা কনজিউমার ডিসপিউটস রিড্রেসাল কমিশন। ঘটনাটি হায়দরাবাদ থেকে রাজাহমুন্দ্রি যাওয়ার বাসযাত্রার সঙ্গে সম্পর্কিত। অভিযোগ অনুযায়ী, ওই যাত্রী ₹১,২০০ UPI-এর মাধ্যমে দিয়ে হায়দরাবাদ থেকে রাজাহমুন্দ্রির জন্য একটি AC বাস বুক করেছিলেন। কিন্তু যাত্রার সময় তাঁকে নন-এসি বাসে যেতে হয়। তাঁর আরও অভিযোগ, যাত্রার শেষে রাজাহমুন্দ্রির পরিবর্তে তাঁকে কোভ্বুরুতে, গন্তব্য থেকে প্রায় ৯–১০ কিলোমিটার দূরে, রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে নামিয়ে দেওয়া হয়। যাত্রীর দাবি ছিল, তাঁকে কোনও যথাযথ ব্যবস্থা ছাড়াই মাঝরাতে সেখানে নামিয়ে দেওয়া হয়, যার ফলে তিনি যথেষ্ট অসুবিধা ও সমস্যার মুখে পড়েন। তিনি সংস্থার কাছে AC ও নন-এসি ভাড়ার পার্থক্য হিসেবে ₹৫০০ ফেরতের আবেদন করেছিলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। পরে তিনি ন্যাশনাল কনজিউমার হেল্পলাইনে অভিযোগ করেন, তবে প্রক্রিয়াগত কারণে সেই অভিযোগের সমাধান হয়নি। মামলায় ভ্রমণ সংস্থাকে নোটিস দেওয়া হলেও তারা কমিশনের সামনে হাজির হয়নি। যাত্রীর ₹১,২০০ টাকা প্রদানের লেনদেনের প্রমাণ কমিশন খতিয়ে দেখে তা গ্রহণ করে। এরপর কমিশন পরিষেবায় ঘাটতির জন্য ভ্রমণ সংস্থাকে দায়ী করে।
ক্ষতিপূরণের হিসাব
কমিশনের নির্দেশ অনুযায়ী—
₹৫০০ — AC ও নন-এসি ভাড়ার পার্থক্য
₹৩০,০০০ — অসুবিধা ও হয়রানির জন্য ক্ষতিপূরণ
₹১,০০০ — মামলার খরচ
মোট: ₹৩১,৫০০।
কমিশনের ১৫ সেপ্টেম্বরের ex-parte order-এ বলা হয়, যে পরিষেবার জন্য টাকা নেওয়া হয়েছে তা না দিয়ে নন-এসি বাসে যাত্রা করানো এবং রাজাহমুন্দ্রির পরিবর্তে কোভ্বুরুতে যাত্রীকে নামিয়ে দেওয়া পরিষেবায় ঘাটতির আওতায় পড়ে।

0 Comments
Leave a Comment