মথা ঝড়ে উড়ে গেল বিজেপি
The Social Bangla
ত্রিপুরার স্বশাসিত জেলা পরিষদ (TTADC) নির্বাচন ২০২৬-এ একতরফা ফলাফলে কার্যত ভেসে গেল বিজেপি। ২৮টি আসনের মধ্যে ২৪টিতে জয় পেয়ে প্রদ্যোত বিক্রম মানিক্য দেববর্মার নেতৃত্বাধীন তিপ্রা মথা বিপুল ব্যবধানে ক্ষমতা দখল করেছে। অন্যদিকে, রাজ্যে শাসক দল হয়েও বিজেপি থেমে গেল মাত্র ৪টি আসনে। সিপিএমের গণমুক্তি পরিষদ এবং প্রাক্তন শরিক আইপিএফটি একটি আসনও জিততে পারেনি।
সকাল থেকে গণনার ট্রেন্ডেই পরিষ্কার ছিল, এ বার এডিসিতে মথার ঝড় বইছে। শেষ পর্যন্ত ফলাফল সেই ইঙ্গিতকেই সত্যি প্রমাণ করে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শুধুমাত্র জনজাতি ভোট নয়—বাঙালি হিন্দু ও মুসলিম ভোটের একাংশও মথার দিকে ঝুঁকেছে, যা এই জয়ের অন্যতম বড় কারণ।
বিশেষ করে, রাজ্য সরকারে শরিক হওয়ার পরেও বিজেপি ও মথার মধ্যে দূরত্ব এবং সমন্বয়ের অভাব এডিসি ভোটে স্পষ্ট হয়ে ওঠে। যার সরাসরি প্রভাব পড়েছে ফলাফলে। অনেক আসনে বিজেপির ভোটব্যাঙ্কে ভাঙনও চোখে পড়েছে।
জয়ের পর প্রদ্যোত বিক্রম মানিক্য দেববর্মা বলেন, “এই ফল মানুষের আস্থার প্রতিফলন। আমরা কোনও আপস করিনি, মানুষের জন্য লড়াই করেছি, আর মানুষ তার জবাব দিয়েছেন।”
২০২৩ সালের বিধানসভা নির্বাচনের পর যেখানে মথা প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে এসেছিল, সেখানে এখন এডিসি নির্বাচনে এই বিপুল জয় দলটির রাজনৈতিক শক্তিকে আরও মজবুত করল। অন্যদিকে, বিজেপির জন্য এই ফল বড় সতর্কবার্তা হিসেবেই দেখছে রাজনৈতিক মহল।

0 Comments
Leave a Comment