মুহুরীপুরে বিদ্যুৎ ও ভাঙা রাস্তা নিয়ে ক্ষোভ, প্রশাসনের দৃষ্টি আকর্ষণের দাবি
The Social Bangla
দক্ষিণ ত্রিপুরা জেলার অন্তর্গত জোলাইবাড়ি বিধানসভা এলাকার মুহুরীপুর আর.এফ.-এর মধুলা সর্দার পাড়ায় বিদ্যুৎ পরিষেবা ও রাস্তা-ঘাটের বেহাল অবস্থাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
এলাকার বাসিন্দারা সাংবাদিকদের জানান, গত প্রায় পাঁচ দিন ধরে এলাকায় বিদ্যুৎ নেই। বহুবার বিদ্যুৎ দপ্তরে ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা গোপাল মহাজন বলেন, “আমরা বারবার বিদ্যুৎ দপ্তরকে জানিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”
শুধু বিদ্যুৎ সমস্যাই নয়, এলাকায় রাস্তার অবস্থাও অত্যন্ত খারাপ। এই রাস্তা দিয়েই রোগীদের হাসপাতালে নিয়ে যেতে হয় এবং সাধারণ মানুষের যাতায়াতও হয়। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে জরুরি পরিস্থিতিতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। বাসিন্দাদের প্রশ্ন, “যদি কোনো রোগী জরুরি অবস্থায় পড়ে, তাহলে কি রাস্তার মধ্যেই তার মৃত্যু হবে?”
এলাকাবাসী শান্তিরবাজার মহকুমা শাসক এবং দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা শাসকের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। পাশাপাশি জোলাইবাড়ি বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধেও উদাসীনতার অভিযোগ উঠেছে। এমনকি অভিযোগ করা হয়েছে, মুহুরীপুর সাব-সেন্টারের কিছু কর্মী দায়িত্ব পালন না করে মদ্যপ অবস্থায় অফিসে থাকেন, যার ফলে ফোন ধরেন না।
এখন দেখার বিষয়, রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ এবং সংশ্লিষ্ট প্রশাসন এই সমস্যার সমাধানে কত দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।

0 Comments
Leave a Comment