নিয়োগপত্রের অপেক্ষায় কেটে যাচ্ছে দিন, রাস্তায় নামতেই জলকামান ||
Guddu Bhattacharjee
আগরতলা: কারও চোখে পরিবারের স্বপ্ন পূরণের আশা, কারও কাছে একটি চাকরি মানে দীর্ঘ বেকারত্বের অবসান। যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হয়েও সেই চাকরির অপেক্ষা যেন শেষই হচ্ছে না। ২০২৪ সালে টেট-১ ও টেট-২ উত্তীর্ণ ১,৮৫৬ জন চাকরিপ্রার্থীর কাছে এখন একটাই প্রশ্ন—আর কত অপেক্ষা? এই প্রশ্নের উত্তর খুঁজতেই বৃহস্পতিবার ফের পথে নামলেন বেকার যুবক-যুবতীরা। একযোগে নিয়োগের দাবি নিয়ে তাঁরা জেআরবিটি বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে যান। তাঁদের দাবি, যোগ্যতা অর্জনকারী সকল টেট উত্তীর্ণ প্রার্থীকে অবিলম্বে একসঙ্গে নিয়োগ করতে হবে।চাকরিপ্রার্থীদের অভিযোগ, নিয়োগের দাবি নিয়ে একাধিকবার মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেও এখনও পর্যন্ত তাঁদের সঙ্গে দেখা করার সুযোগ মেলেনি। দিনের পর দিন অপেক্ষা, অনিশ্চয়তা আর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার মধ্যেই ফের আন্দোলনের পথে নামতে বাধ্য হয়েছেন তাঁরা। কিন্তু এদিন পরিস্থিতি একসময় উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, আন্দোলনরত চাকরিপ্রার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে। এরপর বেশ কয়েকজন চাকরিপ্রার্থীকে আটক করে পুলিশ। গাড়িতে করে তাঁদের নিয়ে যাওয়া হয় এ.ডি. নগর পুলিশ লাইন মাঠে। যে তরুণ-তরুণীদের হাতে থাকার কথা ছিল নিয়োগপত্র, তাঁদের হাতেই আজ আন্দোলনের ব্যানার। যে মুখগুলিতে থাকার কথা ছিল কর্মজীবনের স্বপ্ন, সেখানে ফুটে উঠেছে দীর্ঘ অপেক্ষার হতাশা ও ক্ষোভ।

0 Comments
Leave a Comment